আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান অবাদির নিকট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এই জরুরি ঔষধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নেয়। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান সম্ভব হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান অবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থন অত্যন্ত প্রশংসনীয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের বিপদগ্রস্ত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে থাকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তা প্রদান তাদের দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।
Your Comment